মধ্যরাতে শিশু হাসপাতাল
মায়ের কোলেই নিশ্বাসের লড়াই, হাম উপসর্গ নিয়ে ঘণ্টায় আসছে ১৩ শিশু
শিশু হাসপাতালে এক ঘণ্টায় আসে ১৩ শিশু রোগী
বাড়তি চাপ, ঠাঁই নেই হাসপাতালে
চোখেমুখে আতঙ্ক অভিভাবকদের
২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু, হামে ২৩ মৃত্যু
এক থেকে পাঁচ বছরের শিশুদের হাম বিশেষভাবে উদ্বেগজনক
হামের ভাইরাস কাশি ও হাঁচির মাধ্যমে বাতাসে ছড়ায়
ঘড়ির কাঁটা ঠিক রাত ১২টা ২২ মিনিট। শিশু আয়মান সাদিককে নিয়ে অ্যাম্বুলেন্স এসে থামলো বাংলাদেশ শিশু হাসপাতালের গেটে। অ্যাম্বুলেন্সের ভেতরে নিশ্বাসের সঙ্গে লড়ছে এক বছরের শিশুটি। মায়ের কোলে নিস্তেজ দেহ, মুখে অক্সিজেন মাস্ক। চোখে আতঙ্ক, মুখে নেই কোনো সাড়াশব্দ।
দ্রুত অ্যাম্বুলেন্সের গেট খুলে দেওয়া হয়। আগে নামেন শিশু আয়মানের বাবা আজিজুল হাকিম। কাঁপা কণ্ঠে তিনি জাগো নিউজকে বলেন, ‘যশোর থেকে আসছি। ডাক্তার কইছে ভর্তি করাইতে, বলেই ছুটে যান জরুরি বিভাগের দিকে।’
কিন্তু সেই দৌড় থেমে যায় মাত্র ৩৩ মিনিটে। হাসপাতালের ভেতরে ঢোকার সময় যে আশার আলো ছিল, বের হওয়ার সময় কপালে চিন্তার ভাঁজ। শিশুটিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। পাশে নির্বাক বাবা, চোখে অসহায়তার ছাপ। সিট নেই, এই দুটি শব্দ যেন তাদের সব পথ বন্ধ করে দেয়।

